ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের নিকাব পরিহিতা এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘টেররিস্ট’ মন্তব্য এবং উপস্থিতির নম্বর থেকে বঞ্চিত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
স্মারকলিপিতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া, অভিযোগ প্রমাণিত হলে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া অভিযুক্ত শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একাডেমিক মূল্যায়ন ও পাঠদান থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি কোনো শিক্ষার্থী যেন এ ঘটনায় একাডেমিক ক্ষতি, হয়রানি বা প্রতিহিংসার শিকার না হন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ইতোমধ্যে ইংরেজি বিভাগের নিয়মিত ক্লাস থেকে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, শুধু নিয়মিত ক্লাস থেকে অব্যাহতি নয়, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পোশাক ও ধর্মীয় পরিচয়ের কারণে কোনো শিক্ষার্থীকে অপমান, হয়রানি বা বৈষম্যের শিকার করা গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাবোফোবিয়া ও বর্ণবাদী আচরণ বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।