টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাদ মাগরিব টঙ্গী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, শিক্ষক আশরাফ হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, যুবদল নেতা আল আমিন স্বাধীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
এ সময় গাজীপুরের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে অবাঞ্ছিত ঘোষণা করেন বক্তারা। তারা বলেন, গাজীপুরের মানুষ তাকে আর কোনোভাবেই স্থান দেবে না। তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়।