যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে একটি সীমানা পিলারসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার নেহালপুর গ্রামের মৃত ফজলে শেখের ছেলে আকবর শেখ কসাই ও আজগার শেখ কসাই। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাগরদাঁড়িতে তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। পরে দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তবে উদ্ধার হওয়া সীমানা পিলারটি কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে তাদের কাছে ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সোনা খাতুন বলেন, "ঘটনাটি সত্য। তবে দুইজন বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।"
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুই সহোদরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।