কক্সবাজার–বান্দরবান–চট্টগ্রাম পর্যন্ত পর্যটন ও বাণিজ্যিক রেলপথ চালুসহ দেশের রেলসেবার আধুনিকায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে পরিবেশ, মানবাধিকার ও জনকল্যাণমূলক সংগঠন গ্রীন পলিসি মুভমেন্ট।
সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির প্রধান মুখপাত্র ও সদস্য সচিব মোঃ মহিউদ্দিন (বন্ধু) রেল প্রতিমন্ত্রী এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে এসব প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দেন। প্রস্তাবনাগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে দাবি করেছে সংগঠনটি।
প্রস্তাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি, প্রস্তাবিত ঘুমধুম স্থলবন্দর, আলীকদম, লামা ও বান্দরবান হয়ে চট্টগ্রাম পর্যন্ত একটি পর্যটন ও বাণিজ্যিক রেলপথ নির্মাণ। চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের (CMBC) সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ রেলপথ প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেছে সংগঠনটি।
গ্রীন পলিসি মুভমেন্টের মতে, প্রস্তাবিত রেলপথ বাস্তবায়িত হলে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।
সংগঠনটি জানিয়েছে, প্রকল্পটির সম্ভাবনা নিয়ে তাদের কনসালটেন্সি প্রতিষ্ঠান শুকরিয়া গ্লোবাল নেক্সাস কয়েকটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছে। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করা হয়। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে প্রকল্পটির কারিগরি ও অবকাঠামোগত বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এ জন্য প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা এবং আন্তমন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
পাঁচ দফা প্রস্তাবের দ্বিতীয়টিতে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির অ্যাপ ও ওয়েবসাইট আধুনিকায়নের কথা বলা হয়েছে। এতে জিপিএসের মাধ্যমে লাইভ ট্রেনের অবস্থান জানা, সম্ভাব্য পৌঁছানোর সময় ও বিলম্বের তথ্য পাওয়া, এনআইডিভিত্তিক যাত্রী যাচাই, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং অনুমোদিত ডিজিটাল টিকিট পুনর্বিক্রয়ের ব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি নিয়মিত যাত্রী, চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য মাসিক পাস এবং ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।
তৃতীয় দফায় কক্সবাজারগামী প্রতিটি আন্তনগর ট্রেনের চকরিয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে স্টেশনটির আধুনিকায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে। সংগঠনটির মতে, চকরিয়া ছাড়াও পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, আলীকদম, লামা ও থানচি এলাকার মানুষের যোগাযোগ সহজ করতে স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চতুর্থ দফায় দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে সরাসরি অথবা সাপ্তাহিক ভিত্তিতে কক্সবাজারগামী আন্তনগর ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আন্তআঞ্চলিক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছে সংগঠনটি।
পঞ্চম দফায় ট্রেন ও রেলওয়ে স্টেশনে যাত্রী নিরাপত্তা এবং সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য আধুনিক সিসিটিভি ক্যামেরা, কেন্দ্রীয় পর্যবেক্ষণব্যবস্থা, চুরি-ছিনতাই ও অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ, জরুরি সাড়াদান ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশবান্ধব ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
গ্রীন পলিসি মুভমেন্টের প্রধান মুখপাত্র ও সদস্য সচিব মোঃ মহিউদ্দিন (বন্ধু) বলেন, দেশের পর্যটন, বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে আধুনিক রেলব্যবস্থার বিকল্প নেই। বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে প্রস্তাবিত রেলপথ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, এসব প্রস্তাব শুধু একটি অঞ্চলের উন্নয়নের জন্য নয়; বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসাধারণের যাতায়াতের সুবিধা, নিরাপদ রেলসেবা এবং টেকসই যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর জনস্বার্থে উপস্থাপন করা হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর কবীর (অব.) এবং সদস্য সচিব মোঃ মহিউদ্দিন (বন্ধু)-এর নেতৃত্বে গ্রীন পলিসি মুভমেন্ট প্রস্তাবগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
তবে প্রস্তাবনাগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করা হলেও এগুলোর চূড়ান্ত অনুমোদন, সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের বিষয়টি এখনো সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।