ভাজাপোড়া জাতীয় খাবারে তেল এড়াতে আজকাল অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন। এতে রান্নার জন্য অনেক তেলের প্রয়োজন নেই। কম তেলে বিভিন্ন মুখরোচক খাবার তৈরির জন্য এয়ারফ্রায়ার এখন বেশ জনপ্রিয়। এতে খাবার পুড়ে যাওয়ারও ভয় নেই। কিন্তু ঝামেলা হয় রান্নার পর এটি পরিষ্কার করতে গিয়ে। ঘষা-মাজা যায় না। অথচ এর ভেতরে জমে থাকে তেল-ময়লা। এ পরিস্থিতিতে এয়ার ফ্রায়ার পরিষ্কারের কয়েকটি কৌশল জেনে রাখতে পারেন। তাহলে যন্ত্রটি পরিষ্কারও থাকবে, আবার নষ্ট হওয়ার ভয়ও থাকবে না।
পানিতে ভিজিয়ে রাখুন এয়ার ফ্রায়ারের বাস্কেট এবং ট্রে সবচেয়ে বেশি নোংরা হয়। এগুলো পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করুন। গরম পানিতে অল্প সাবান মিশিয়ে বাস্কেট এবং ট্রে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। ময়লাগুলো নরম হলে স্পঞ্জ দিয়ে একটু মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে । বাস্কেট মাজতে পুরোনো নরম টুথব্রাশও ব্যবহার করতে পারেন।
সুতি কাপড় দিয়ে মুছে নিন এয়ার ফ্রায়ারের ভেতরের অংশ, বিশেষ করে উপরের দিকের হিটিং কয়েলের চারপাশে তেলের স্তর জমে। এই অংশে পানি দিয়ে পরিষ্কার করা যায় না। তাই একটি ভিজে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে নিন। তেলচিটে ভাব বেশি হলে ভিনেগার ও বেকিং সোডা পেস্ট দিয়ে হালকা করে মুছে নিন। তবে হিটিং কয়েলে ভিজে কাপড় বদলে শুকনো নরম ব্রাশ দিয়ে ময়লা ঝেড়ে ফেলুন।
প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার করুন প্রতিবার ব্যবহারের পর বাস্কেটটি একবার করে মুছে নিন। এতে ময়লা স্তর গাঢ় হওয়ার সুযোগ পাবে না। এয়ার ফ্রায়ার উপরে বাসন মাজার তরল সাবান, বেকিং সোডা ছড়িয়ে দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিন। রান্না করার সময়ে বাস্কেটে পার্চমেন্ট পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিন। এ ছাড়া তেল স্প্রে করার বদলে ব্রাশ দিয়ে মাখিয়ে দিন। এতে এয়ার ফ্রায়ারে ময়লা কম জমবে। সূত্র: এই সময়