কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর অভিযানে মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, তাদের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পরোয়ানাভুক্ত আসামি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আত্মগোপনে রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও নিজস্ব সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে গত ১৫ জুলাই রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি হামিদ মোস্তফা ওরফে ফুক্কা (৩০) গ্রেপ্তার হন।
গ্রেপ্তার হামিদ মোস্তফার পিতার নাম দিল মোহাম্মদ। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪৬-এর ব্লক-বি, সাব-ব্লক-বি/হিল-১০ (এফসিএন-১৭০৭৪১)-এর বাসিন্দা।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।