আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১ নং কায়েমপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য ও ঘোষিত প্রার্থীরা নিজেদের গুছিয়ে নিতে এবং ভোটারদের মন জয় করতে এখন পার করেছেন চরম ব্যস্ত সময়। এরই ধারাবাহিকতায় প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছেন ১ নং কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু বাঙ্গাল পাড়া গ্রামের বাসিন্দা মেসার্স মারুফ এন্ড মাহফুজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ও মানবাধিকার কর্মী মোঃ আব্দুল মজিদ সরদার। কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় প্রাত্যহিক গণসংযোগ জোরদার করেছেন মোঃ আব্দুল মজিদ সরদার। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে তিনি প্রতিনিয়ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন। হাটে-বাজারে, চা-স্টলে কিংবা বাড়ির উঠানে সব জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের নানা সমস্যার কথা শুনছেন তিনি। নির্বাচিত হলে কায়েমপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রার্থী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আব্দুল মজিদ সরদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার এই আন্তরিক উপস্থিতি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়াও ফেলেছে। নিজের নির্বাচনী তৎপরতা নিয়ে কথা বলতে গিয়ে আব্দুল মজিদ সরদার জানিয়েছেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ১ নং কায়েমপুর ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার সুনিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ভোটারদের ব্যাপক সাড়া ও ভালোবাসা দেখে আমি অত্যন্ত আশাবাদী।” নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, কায়েমপুর ইউনিয়নের নির্বাচনী উত্তাপ ততটাই বৃদ্ধি পাচ্ছে।