ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

দীর্ঘ ২২ বছর একই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন। সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যতিক্রমী এক রাজকীয় সংবর্ধনা দিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠান শেষে সদ্য অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুল দিয়ে সাজানো একটি ঘোড়ার গাড়িতে তুলে রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা তাঁকে হাত নেড়ে বিদায় জানান। ব্যতিক্রমী এ বিদায় অনুষ্ঠানকে ঘিরে এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁরা বিদায়ী শিক্ষকের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক কবির উদ্দিন দীর্ঘ শিক্ষকতা জীবনে শুধু পাঠদানই করেননি—বরং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এলাকা ও শিক্ষার প্রসারে তাঁর অবদান সবাই আজীবন স্মরণ রাখবে।

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা