ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপির সরকার: আখতার হোসেন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রোববার (২৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু তারেক রহমানের সরকার জনগণের সেই স্বপ্ন আজ ধ্বংস করে দিচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই সরকার রাষ্ট্রের সব দপ্তরে নিজেদের দলীয় পদধারী লোকজন নিয়োগ দিচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে প্রকাশ্যে বিএনপির পদধারী একজনকে বসিয়েছে সরকার। এই বিতর্কিত পদায়নের মাধ্যমে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার এক গভীর চক্রান্ত শুরু হয়েছে। একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানে সরাসরি রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার যে বিরূপ নজির বিএনপি স্থাপন করল, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সরকার কর্তৃক দেওয়া এই নিয়োগ বাতিল করতে হবে। আখতার হোসেন বলেন, ‘বিএনপিকে মনে রাখতে হবে এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বাংলাদেশ। দেশের জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না। দেশের মানুষ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে তাড়িয়েছে, কাজেই বিএনপিকে সতর্ক হতে হবে।’  

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপির সরকার: আখতার হোসেন