ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই। তাঁর এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়ত তাঁর সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।
উল্লেখ, এর আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ‘র’ প্রধান পরাগ জৈন ঢাকা সফরে এসেছেন। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলে জানা গেছে। পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ‘র’ প্রধানের ঢাকায় এটি একটি নিয়মিত সফর। ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশে সফর করে থাকেন। এসব সফরে নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষ পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে থাকে।