ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

আওয়ামী লীগের অবরোধ পদ্মাসেতুতে ৩০টি মোটরসাইকেলে আগুন

শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার দুই ঘণ্টা পর পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে পদ্মা সেতুর জাজিরায় নাওডোবা প্রান্তে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা একটি রেস্তোরাঁ, একটি মার্কেট ও অন্তত ৩০টি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় টোল প্লাজার কাছে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের চেয়ার-টেবিল ও অস্থায়ী অবস্থানস্থলও ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। এদিকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকেই জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের জমাদ্দার মোড়ের গোলচত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সেতু এলাকা। অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সেতু ও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। অবরোধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়াতে নিরাপদ স্থানে সরে যান। পরে বিক্ষোভকারীরা তাদের চেয়ার-টেবিল ও অস্থায়ী অবস্থানস্থল ভাঙচুর করেন। এ সময় পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া অন্তত ৩০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, আগের রাত থেকেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কায় পুলিশ টহল জোরদার করেছিল। সকালে একদল লোক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে সেতু এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পদ্মা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। ঘটনাস্থল থেকে ককটেলের ধ্বংসাবশেষ জব্দ করা হয়েছে। এদিকে ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।

আওয়ামী লীগের অবরোধ পদ্মাসেতুতে ৩০টি মোটরসাইকেলে আগুন