গ্রামীণফোনের প্রায় ৩,৮০০টি পরিবারের ১৫ বছরের অমিমাংসিত পাওনা ও ৫% WPPF/WWF বিলম্ব জরিমানা পরিশোধের শক্ত দাবি জানিয়েছে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’।
বুধবার রাজপথের এক প্রতিবাদী মানববন্ধনে আয়োজক ও কর্মীরা একত্রিত হয়ে জানান, দীর্ঘদিনের আইনি লড়াই এবং শ্রম আইনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের ন্যায্য বকেয়া মেটাতে অনীহা প্রকাশ করে আসছে।
প্রধান দাবিসমূহ:
১৫ বছরের অমিমাংসিত বকেয়া নিষ্পত্তি:দীর্ঘ ১৫ বছর ধরে ঝুলিয়ে রাখা বকেয়া অর্থ অবিলম্বে পরিশোধ করতে হবে।
আইনসিদ্ধ বিলম্ব জরিমানা প্রদান:শ্রম আইন অনুযায়ী ৫% WPPF/WWF (Workers Profit Participation Fund / Workers Welfare Fund)-এর বিলম্ব জরিমানা অবিলম্বে নিষ্পত্তি করতে হবে।
আদালতের নির্দেশ বাস্তবায়ন: বাংলাদেশের শ্রম আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে কর্মীদের পাওনা বুঝিয়ে দিতে হবে।
দায়িত্বশীল কর্পোরেট আচরণ: প্রক্রিয়াগত ধীরগতি ও অবহেলা বন্ধ করে ৩,৮০০টি পরিবারের প্রতি মানবিক ও দায়িত্বশীল কর্পোরেট আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
আন্দোলনকারীদের বক্তব্য:
মানববন্ধনে বক্তারা বলেন, "Justice Delayed is Justice Denied" (বিচার বিলম্বিত হওয়া মানে বিচার বঞ্চিত হওয়া)। শ্রম আইন অনুযায়ী যা কর্মীদের ন্যায্য পাওনা, তা দিতে বারবার দীর্ঘসূত্রতার আশ্রয় নেওয়া হচ্ছে। দীর্ঘায়িত এ প্রক্রিয়ার ফলে ৩,৮০০টি পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে।
বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে অনতিবিলম্বে সকল অমিমাংসিত পাওনা পরিশোধ নিশ্চিত করার জন্য গ্রামীণফোন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।