ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর মশালগাঁও বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি চার্জার পিন উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।
সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদক ও বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।