নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নং তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন খড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার সকালে শহরবাড়ী গ্রাম থেকে গবাদিপশুর জন্য খড় কিনে নৌকায় বোঝাই করে বাড়ির উদ্দেশে রওনা দেন ফরহাদ আলী। নৌকাটি চলনবিলের ওপর দিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে নৌকা চালানোর বাঁশের লগির স্পর্শ লাগে।এ সময় মুহূর্তের মধ্যেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ফরহাদ আলী। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।