বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় ৫১ বছরে পদার্পণ করেছে পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া। এ উপলক্ষে নাটোরের সিংড়ায় আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সিংড়া প্রতিনিধি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। দেশের তৃণমূল মানুষের সুখ-দুঃখ, স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি তাদের ঐতিহ্য ধরে রেখে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিকী, রবিন খান, মোতালেব, কামাল পাশাসহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় উপস্থিত সবাই দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।