সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন থানা পুলিশ। সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হালিমুল হক মিরুকে গ্রেফতারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর শুক্রবার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এই সময়ে সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এলাকাবাসীর বাধার মুখে পুলিশ তাকে আটক করতে ব্যর্থ হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে নলুয়া ও তৎসংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের একাধিক দল অংশ নিয়েছিলেন। পুলিশ জানিয়েছেন,হালিমুল হক মিরুকে গ্রেফতার ঘিরে সৃষ্ট ঘটনার পর গত ২৪ ঘণ্টায় শাহজাদপুর থানা পুলিশের বিভিন্ন অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে জানমালের ক্ষতি করতে না পারে,সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান থাকবে।"জন- নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও জানিয়েছেন তিনি। এই দিকে, সাবেক মেয়রকে গ্রেফতারে এলাকাবাসীর বাধা এবং পরবর্তী সময়ে পুলিশের সাঁড়াশি অভিযান নিয়ে নলুয়া ও আশপাশের এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শাহজাদপুর থানা পুলিশ।