বিদেশী পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। নতুন এ ব্যবস্থায় পর্যটক ভিসার আবেদন সরাসরি ভ্রমণ বুকিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহৎ পরিসরে সম্প্রসারণের আগে বাংলাদেশসহ কয়েকটি নির্বাচিত আন্তর্জাতিক বাজারে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়েছে।
এ উদ্যোগ সৌদি আরবের পর্যটন খাতকে আরও সহজলভ্য করার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর আগে দেশটি পর্যটক ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা সুবিধা চালু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উদ্যোগের ফলে সৌদি আরবের পর্যটন খাতে দ্রুত প্রবৃদ্ধি এসেছে। ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী Ahmed Al Khateeb বলেন, ‘প্যাকেজ ভিসা’ দর্শনার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণকে আরও সহজ ও নির্বিঘ্ন করার প্রতিশ্রুতির প্রতিফলন।
তিনি বলেন, “ভ্রমণ বুকিংয়ের সঙ্গে ভিসা ইস্যু প্রক্রিয়া যুক্ত করার মাধ্যমে আমরা দর্শনার্থীদের জন্য পুরো ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ করছি এবং নতুন ভ্রমণ অভিজ্ঞতার সুযোগ তৈরি করছি। এ উদ্যোগ পর্যটন খাতের সংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতা বাড়াবে এবং বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী করবে।”
নতুন ব্যবস্থার আওতায় যোগ্য ভ্রমণকারীরা একক বুকিং প্রক্রিয়ার মাধ্যমে ফ্লাইট, আবাসন এবং ভিসার ব্যবস্থা করতে পারবেন। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় বিভিন্ন ইভেন্ট, কার্যক্রম ও পর্যটন অভিজ্ঞতাও যুক্ত করার সুযোগ থাকবে।
শুধু নির্ধারিত সেবামান পূরণকারী এবং ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তা প্রদানকারী অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমেই এ সুবিধা পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কর্মসূচি সেবাদাতাদের আরও সমন্বিত ভ্রমণ প্যাকেজ দিতে, ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এবং পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানে উৎসাহিত করতে সহায়তা করবে।
Saudi Tourism Authority বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে ১৬টি প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে সৌদি আরবের পর্যটন গন্তব্যগুলোর প্রচারণা এবং পর্যটন সেবা উন্নয়নে কাজ করছে।