ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, দেশের যখন যে প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সেই দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন, এমন নজির বিশ্বের অন্য কোথাও নেই।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করেছে। তিনি বলেন, গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। দেশের সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশ পরিচালনায় শিক্ষার্থীদের এগিয়ে আসার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মো. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।
এ ছাড়া বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিনসহ বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।