নেত্রকোনার দুর্গাপুরে খিঁচুনি রোগে আক্রান্ত তিন বছরের শিশু রায়হানা আক্তারের চিকিৎসা চালিয়ে যেতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সাংসদ ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাড়িতে গেলে দেখা যায়, খিঁচুনিতে কাতর হয়ে পড়ছে ছোট্ট রায়হানা। তার এমন কষ্টের দৃশ্য পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের বাসিন্দা মাওলানা রোকনুজ্জামান ও তাসলিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা রায়হানা আক্তার। দীর্ঘদিন ধরে সে খিঁচুনি রোগে ভুগছে। নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হয়েছে।
রায়হানার বাবা মাওলানা রোকনুজ্জামান পেশায় একজন মাদরাসা শিক্ষক। মেয়ের চিকিৎসায় পরিবারের সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রায়হানার চিকিৎসা অব্যাহত রাখতে এখন আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
রায়হানার মা তাসলিমা আক্তার বলেন, “মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা ব্যারিস্টার কায়সার কামালসহ সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়রা জানান, ছোট্ট রায়হানাকে প্রায়ই খিঁচুনিতে কাতর হতে দেখা যায়। সন্তানের এমন কষ্ট দেখে তার বাবা-মায়ের পাশাপাশি স্থানীয়রাও ব্যথিত। তারা শিশুটির চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামর্থ্যবান মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পরিবারের আশা, দ্রুত প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পাওয়া গেলে রায়হানার চিকিৎসা নিয়মিত চালিয়ে নেওয়া সম্ভব হবে।