জেনেভা ক্যাম্পে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ, তিন ঘণ্টা নির্যাতনের দাবি
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই ব্যক্তিকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে তাদের উদ্ধারে অভিযান চালানোর সময় সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, মোহাম্মদপুর থানার এএসআই আখতারুজ্জামান ও দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই স্থানে প্রবেশ করেন তারা। এ সময় ‘গলাকাটা মনু’ নামে পরিচিত একটি দলের প্রায় ৫০ জন সদস্য তাদের ওপর হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা প্রায় তিন ঘণ্টা ধরে তাদের মারধর ও নির্যাতন করে। এতে মো. হাসান ও মো. মহনসহ তিনজন গুরুতর আহত হন। বর্তমানে তারা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর ভুক্তভোগীরা বলছেন, এটি শুধু ব্যক্তিগত হামলার ঘটনা নয়; একজন সাংবাদিকের ওপর হামলা সংবাদ সংগ্রহ ও সত্য অনুসন্ধানের স্বাধীনতার ওপরও আঘাত।
তারা প্রতিশোধ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগটির দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।