ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর কথাবার্তা ও আচরণে এলাকার অনেক মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি।
সম্প্রতি কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ অভিযোগের সূত্রপাত হয়। জানা যায়, জমি নিয়ে বিরোধের একপর্যায়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে সংশ্লিষ্ট বিবাদীকে থানায় উপস্থিত হতে বলা হয়। নির্ধারিত সময়ে বিবাদী থানায় উপস্থিত হলেও অভিযোগকারী পক্ষ সেখানে উপস্থিত হয়নি। পরবর্তীতে অভিযোগকারী পক্ষ আদালতের শরণাপন্ন হয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ বন্ধ রাখার জন্য ১৪৫ ধারায় নোটিশ জারি করায়।
পরবর্তীতে আদালতের ওই নোটিশ কেরানীগঞ্জ মডেল থানায় পৌঁছালে ২২/১১/২৬ ইং তারিখ তামিল করতে এসআই আব্দুর রহিম ও এএসআই শফিক ঘটনাস্থলে যান। সেখানে আদালতের নোটিশ দেখিয়ে জমিতে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তাঁরা।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিবাদী পক্ষের প্রতিবেশী একজন সাংবাদিক। তিনি ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযোগ অনুযায়ী, এসআই আব্দুর রহিম তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাঁকে তুই-তুকারি করে বাড়ির নাম-ঠিকানা জানতে চাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিবাদী পক্ষের একজনকে উদ্দেশ্য করে এসআই রহিম বলেন, ‘তোকে বলেছিলাম থানায় আবার আসিস, আমার সঙ্গে একান্তে বসে কথা বলিস। কিন্তু তুই পরে আসলি না। যদি আসতি, তাহলে এমন হতো না। এখন টাকা কোর্টে খরচ কর। আমি যা বলেছিলাম, তা তো শুনলি না।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের কাছ থেকে সাধারণ মানুষ যেখানে সহযোগিতা, নিরাপত্তা ও আইনি সহায়তা প্রত্যাশা করেন, সেখানে এ ধরনের আচরণের অভিযোগ পুলিশের ভাবমূর্তি ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, এরকম আপত্তিকর ঘটনার যেন আবারও পুনরাবৃত্তি না ঘটে এবং পুলিশ ও প্রশাসনের প্রতি জনগনের আস্থা ফিরে আসে তার জন্য যথাযথ ব্যাবস্থা নেওয়া।