গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং পঞ্চম ও অষ্টম শ্রেণি/সমমানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না; তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততা প্রয়োজন। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসনের কর্মকর্তা এবং রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হবে।
তিনি বলেন, “আমি গতানুগতিক ধারার এমপি হিসেবে আপনাদের কাছে পরিচিত হতে চাই না। আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই—আপনারা যেন গর্ব করে বলতে পারেন, আমাদের এলাকার একজন এমপি মানুষের জন্য দৃশ্যমান অনেক কাজ করে গেছেন।”
দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও মানুষের জীবনমানের উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত জ্ঞান দিলেই হবে না; তাদের সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শিষ্টাচারও শেখাতে হবে। কারণ একজন মানুষ পেশাগত জীবনে যত বড়ই হোক, মানবিক গুণাবলি ছাড়া তার সাফল্য পূর্ণতা পায় না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে সাফল্যের পাশাপাশি সততা ধরে রাখা জরুরি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ প্রকৃত সাফল্য নয়। দেশপ্রেম ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এলাকার সব উন্নয়ন একসঙ্গে করা সম্ভব না হলেও মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নিজের বিবেকের কাছে জবাবদিহি করেই ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
আলোচনা শেষে এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং পঞ্চম ও অষ্টম শ্রেণি/সমমানের বৃত্তিপ্রাপ্ত মোট ৭৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।