নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ নম্বর বাকলজোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলামের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম বলেন, “সবুজ ও সুন্দর এলাকা গড়ে তোলার সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।”
তার এ উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা শাখার সেক্রেটারি নাফি ইবনে উমর বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার তাগিদ নয়, বরং এটি অন্যতম সদকায়ে জারিয়া ও ঈমানি দায়িত্ব। সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের তরুণ সমাজকেই বৃক্ষরোপণ ও এর পরিচর্যায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
স্থানীয় শিক্ষক, ইমাম ও বাসিন্দারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগটি পরিবেশের জন্য ইতিবাচক। এসব গাছের যথাযথ পরিচর্যা করা গেলে ভবিষ্যতে এলাকার সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তা ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।