নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামে মহিষবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) ভোর রাত প্রায় ৪টার দিকে সোনাপুর গ্রামের জামাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী সিটির বাইপাস হাট থেকে তিনটি মহিষ কিনে পিকআপে করে বাড়ি ফিরছিলেন পাঁচজন। পথে জামাল মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় মো. শহীদ ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।