‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে অনুসন্ধানী জাতীয় দৈনিক ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রকাশনার গৌরবময় এক বছর পূর্ণ উপলক্ষে রাজশাহী ব্যুরোর উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রেসিডিয়াম সদস্য আল-আমিন হোসেন, দৈনিক বার্তা বাজার-এর প্রতিনিধি সৈয়দ মাসুদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ঢাকা ও ময়মনসিংহ জোন ইনচার্জ শাহাবুদ্দিন মোল্লা, রাজশাহী জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জীবন, স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাবলু, জাতীয় দৈনিক মুক্ত খবর-এর রাজশাহী ব্যুরো প্রধান মশিউর রহমান, জাতীয় দৈনিক আজকের প্রত্যাশা-এর রাজশাহী ব্যুরো প্রধান মো. নাজমুল হক, বাগমারা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং আইন সমাজ পত্রিকার ব্যুরো প্রধান তানজিলুল লাইকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতা। প্রকাশনার মাত্র এক বছরের পথচলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সংবাদ পরিবেশনে নিজস্ব স্বকীয়তা ও অবস্থান তৈরির চেষ্টা করেছে। দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরতে পত্রিকাটিকে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা আরও বাড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, গণমানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সোচ্চার হওয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য। আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কেক কাটা ও বিশেষ মোনাজাত
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন অতিথিরা। এ সময় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রতিনিধি ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য, পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ এবং দেশ ও জাতির সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।