পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে নৌবাড়ীয়া নতুনপাড়া এলাকার মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। পরে জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মো. এরশাদ হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার এবং এসব জালের উপকরণ পরিবহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।