একদিকে ১৮ বছরের তরতাজা ছেলেকে হারানোর শোক, অন্যদিকে হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসার বিল, দুই দিকের চাপ সামলানোর সামর্থ্য ছিল না আহাদের পরিবারের। এমন কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ান ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর উদ্যোগ, সহযোগীদের দ্রুত তৎপরতা এবং মোহাম্মদপুর থানার ওসির হস্তক্ষেপে শেষ পর্যন্ত হাসপাতালের মোট বিলের ৭০ শতাংশ মওকুফ পেয়েছে পরিবারটি।
পারিবারিক সূত্রে জানা যায়, আহাদ বাংলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর খিঁচুনি দেখা দেয় তাঁর। পরে মস্তিষ্কে জটিলতা দেখা দিলে সংকটাপন্ন অবস্থায় তাঁকে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়লে স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে আহাদের ‘ব্রেন ডেথ’-এর বিষয়টি সামনে আসে। পরে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথেই মারা যান ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী।
আহাদের মৃত্যুর পর হাসপাতালের বিল পরিশোধ নিয়ে বিপাকে পড়ে তাঁর পরিবার। পুরো বিল পরিশোধের সামর্থ্য না থাকায় বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তাঁর একান্ত সহযোগী রাকিব ও আরশ দ্রুত যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানে ভূমিকা রাখেন।
পরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেজমিনে হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আহাদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের আবেদন জানান।
ওসির তদারকি ও আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালের মালিকপক্ষ ও পরিচালক মায়েদুন নাহিন মানবিক বিবেচনায় মোট বিলের ৭০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেন। পরিবারকে পরিশোধ করতে হয়েছে বাকি ৩০ শতাংশ।
সংশ্লিষ্টদের সহযোগিতায় বিলসংক্রান্ত জটিলতা ছাড়াই পরিবারের কাছে আহাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে শোকের মধ্যে থাকা পরিবারটি বড় ধরনের আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পায়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের সহযোগিতায় বিলসংক্রান্ত জটিলতা ছাড়াই পরিবারের কাছে আহাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে শোকের মধ্যে থাকা পরিবারটি বড় ধরনের আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পায়।