নেত্রকোনা প্রতিনিধি: মহিউদ্দিন
নেত্রকোনায় বখাটেপনা ও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর ওপর নির্মম হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন শহরের চচ্চুয়া এলাকার মৃত আঃ রহিমের ছেলে।
থানায় দায়ের করা এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রবিন ও তার সহযোগীরা বাড়ির পথে-ঘাটে ভুক্তভোগী নারীর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নারী প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে।
ঘটনার দিন গত ১৭ জুলাই দুপুরে রবিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী নারীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় রবিন অতর্কিত হামলা চালিয়ে ওই নারীর চোখে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে হামলাকারীরা লাঠি ও কাঠের চলা দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
নেত্রকোনা মডেল থানার এসআই প্রবীন চন্দ্র দাশ জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা (মামলা নং-২৩, তারিখ: ১৮/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রবিনকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রবিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, মানুষকে হয়রানি এবং স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। কয়েক বছর আগে তার বিরুদ্ধে ঢাকা থেকে টাকা চুরির অভিযোগ উঠলেও আইনি তৎপরতার অভাবে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এলাকাবাসী এবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।