ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন ও দক্ষিণ খুরমা ইউনিয়নের সংযোগস্থল সৈদেরগাঁও সড়কের উন্নয়ন এবং সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের দাবিতে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিরা জানান, সিংচাপইড় ও দক্ষিণ খুরমা ইউনিয়নের সংযোগকারী সৈদেরগাঁও সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সড়কটির সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ সময় সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। প্রতিনিধিরা বলেন, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক সংকট অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সৈদেরগাঁও সড়কের উন্নয়ন বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান মিজান, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, সিংচাপইড় ইউনিয়ন জাসাসের সদস্য সচিব কফিল উদ্দিন, ছাত্রনেতা কে এম বাছিত, ওয়ার্ড বিএনপি নেতা মনির উদ্দিন, দুদু মিয়া এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।