চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থানের দায়ে বনি আমিন (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন ক্যাম্প-২১-এর সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সি/০৪ ব্লকে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা এক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে তাকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এপিবিএন পুলিশ তার পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে জানতে পারে, আটক যুবকের নাম বনি আমিন। তিনি ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/০৪ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর Y176069। অনুমতি ছাড়াই তিনি ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।