জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে নিয়োগ পাওয়া আলোচিত শিক্ষক রাজেশ কুমার দেব দায়িত্ব গ্রহণ করছেন না। পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি এ পদে যোগদানে অপারগতা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পর দায়িত্ব গ্রহণের আগেই তিনি যোগদানে অপারগতার কথা জানিয়ে আবেদন করেন। আবেদনে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি।
রাজেশ কুমার দেব বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটিতে তিনি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তার সহকারী প্রক্টর পদে নিয়োগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছিল।
এদিকে, পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তার যোগদানে অপারগতা প্রকাশের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মহলেও আলোচনায় এসেছে।
এবিষয়ে রাজেশ কুমার দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।