দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম খান রাজা।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি এইচএসসি পাস।
মো. রেজাউল করিম খান রাজার বাড়ি কাকৈরগড়া ইউনিয়নের খনুয়া গ্রামে। তাঁর পিতা প্রয়াত হাসিম উদ্দিন খান এবং মাতা রাবেয়া তালুকদার। এক ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।
তাঁর বাবা হাসিম উদ্দিন খান ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। পাশাপাশি তিনি পাঁচ বছর জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুর মাদ্রাসার আমৃত্যু সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ ছিল। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত একটি পরিবারেই বেড়ে উঠেছেন রেজাউল করিম খান রাজা।
বাবার রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্য ধারণ করে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি চার বছর উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দুই বছর কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিক মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন রেজাউল করিম খান রাজা। ব্যক্তিজীবনে তিনি চার কন্যাসন্তানের জনক।
আসন্ন কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। এ লক্ষ্যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, রেজাউল করিম খান রাজা দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের মতে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, দীর্ঘদিনের দলীয় সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাঁর সম্ভাবনাকে আরও এগিয়ে রাখবে।