জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। অন্যদিকে, অনুষ্ঠানটিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, তারা মাগরিবের সময় মাইক বন্ধ রাখতে বলেন। এক পর্যায়ে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শাহিন মিয়া বলেন, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের ওপর ছাত্রদলের হামলার বিচার এখনো হয়নি। ওই ঘটনার বিচার হলে অ্যালামনাই অনুষ্ঠানে এমন ঘটনা ঘটানোর সাহস কেউ পেত না। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী ও লাইব্রেরিতে অধ্যয়নরতদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহনের দাবি জানান তিনি।
এদিকে, একই দিন প্রকাশিত এক বিবৃতিতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানায়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকেরা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশনা বন্ধ করেন। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা ছিল। এ ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। সংগঠনটি সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, আজকের ঘটনার বিষয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অনুষ্ঠানগুলো কীভাবে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও পরিকল্পনা করে অনুমতি দেওয়া হবে।
এই ঘটনায় গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।