যশোরের কেশবপুরে মজিদপুর কৃষক দলের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু ও ঢালি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) মজিদপুর বাজারের পাশে পৃথক সময়ে এ দুটি খেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় হাডুডু খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঢালি খেলা।
খেলা দুটি দেখতে সকাল থেকেই মাঠে দর্শকদের ভিড় জমতে থাকে। বিশেষ করে হারিয়ে যেতে বসা ঢালি খেলা উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সভাপতি জালাল উদ্দীন, ৩নং মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন এবং মজিদপুর ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বাবলু।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান স্থানীয়রা।