অর্থের অভাবে সন্তানসম্ভবা মেয়ের চিকিৎসা করাতে পারছিলেন না এক অসহায় মা। মেয়ের প্রসবব্যথা শুরু হলে দিশেহারা হয়ে সহায়তার আশায় ছুটে যান উপজেলা পরিষদ চত্বরে। সেখানে বিষয়টি নজরে আসার পর এগিয়ে আসেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলে শেষ পর্যন্ত নিরাপদে নবজাতকের জন্ম দেন ওই তরুণী।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় মাতৃসেবা ক্লিনিক পর্যন্ত এ মানবিক উদ্যোগের ঘটনা ঘটে।
জানা গেছে, রাণীশংকৈল পৌর শহরের নয়নপুর এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। কয়েক মাস আগে স্বামীকে হারানোর পর নানা অভাব-অনটনের মধ্য দিয়ে চলছিল তাঁর জীবন। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি।
এ অবস্থায় মেয়েকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সহায়তার জন্য যান মা মাধবী কর্মকার। সেখানে হঠাৎ সাগরিকার প্রসবব্যথা বেড়ে গেলে মেয়ের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর এমন অসহায় পরিস্থিতি দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপজেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেনসহ কয়েকজন নেতাকর্মী।
তাঁরা দেরি না করে সাগরিকাকে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে নিয়ে ভর্তি করান। একই সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে জানান।
খবর পেয়ে দ্রুত ক্লিনিকে ছুটে যান ইউএনও ইশরাত জাহান। তিনি সাগরিকার চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্লিনিক কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পাশাপাশি অসহায় পরিবারটির হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা তুলে দেন।
পরবর্তীতে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদে সন্তান প্রসব করেন সাগরিকা। মা ও নবজাতক নিরাপদে থাকায় পরিবারের সদস্যদের মধ্যে ফিরে আসে স্বস্তি।
এ বিষয়ে ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, অসহায় মাধবী কর্মকারের পরিস্থিতি দেখে তাঁরা দ্রুত সহযোগিতায় এগিয়ে আসেন। সাগরিকাকে ক্লিনিকে নেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি ইউএনওকে বিষয়টি জানান। বিপদের সময়ে একটি পরিবারের পাশে দাঁড়াতে পেরে তাঁরা সন্তুষ্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, সাগরিকার অসহায়ত্বের খবর পেয়ে তিনি ক্লিনিকে গিয়ে চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিয়েছেন। এ ধরনের মানবিক কাজে ছাত্রদলের তরুণ নেতাকর্মীদের এগিয়ে আসার প্রশংসা করে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে মেয়ের ও নবজাতকের নিরাপদ অবস্থার খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাধবী কর্মকার। তিনি ইউএনও ইশরাত জাহান এবং সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।
এ সময় রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভাবের কারণে যখন একটি পরিবার সন্তানসম্ভবা মায়ের চিকিৎসা নিয়ে দিশেহারা, তখন প্রশাসন ও স্থানীয় তরুণদের সম্মিলিত সহযোগিতায় নিশ্চিত হলো মা ও নবজাতকের নিরাপত্তা। তাঁদের এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।