কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার প্রসারে সচেতনতা তৈরির আহ্বানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি নুরনবী, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর মাস্টার। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। মেয়েশিশুর প্রতি বৈষম্য বন্ধ, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।