শিল্পাঞ্চল গাজীপুরের মেহনতি ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং রাজপথের সাংগঠনিক লড়াইকে বেগবান করতে জাতীয় শ্রমিক শক্তি গাজীপুর মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে সদস্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বভার লাভ করেছেন তরুণ ও উদ্যমী সংগঠক মইজুদ্দিন শিকদার। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করা এবং মহানগরের প্রতিটি ইউনিটে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করাই তার প্রধান অঙ্গীকার।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে আগামী ৬ মাসের জন্য গাজীপুর মহানগরীর এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে জি এম নাজমুল হোসাইনকে আহ্বায়ক এবং মইজুদ্দিন শিকদারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল রূপ দিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নবগঠিত এই আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আশরাফুল ইসলাম রাহুল এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রোজিনা ইসলাম রোজি ও ইকবাল মাহমুদ দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব মইজুদ্দিন শিকদারের সঙ্গে সচিবালয় উইংয়ে সমন্বয়ের দায়িত্বে থাকছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব আ র ম আব্দুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব আঃ সালাম হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জিল্লুর রহমান জুয়েল, মনির হোসেন হিরা, মোহাম্মদ মাসুদ খান ও ইব্রাহিম হোসেন।
তৃণমূলের শ্রমিকদের সঙ্গে সরাসরি সেতুবন্ধন গড়তে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল সাকুর ও রাকিব হোসেন। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হাসান মিয়া, মোঃ জহির এবং আসাদুল ইসলাম। কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানা যায়, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন-এর সুপারিশক্রমে এবং সদস্য সচিব কায়াজ মোর্শেদ ও আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির-এর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন পায়।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মইজুদ্দিন শিকদার বলেন, "গাজীপুর দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং বিশাল শ্রমঘন এলাকা। এখানে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নাগরিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা অর্পণ করেছেন, সাধারণ শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে সেই আস্থার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা করব।"