সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নম্বর বড়পাঙ্গাসী ইউনিয়নের মোহনপুর-উধুনিয়া সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। এতে এলাকাবাসী ও সাধারণ মানুষের চলাচল আরো সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিনের নির্দেশনা ও উপস্থিতিতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এই সময়ে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সচিবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কারের কাজ সম্পন্ন করেছেন। এতে স্থানীয়রা জানিয়েছে, সড়কের দুই পাশে ঘন জঙ্গল থাকায় এতদিন চলাচলে নানা ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে এখন থেকে পথচারী ও যানবাহন চলাচলে বাড়তি সুবিধা মিলবে এবং সড়কটি নিরাপদ হয়ে উঠবে। এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।