নাটোরের সিংড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ৬৫ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বগুড়া গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ চত্বরে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।বিসিসি-১৪ ব্যাচের প্রাক্তন ক্যাডেটদের উদ্যোগে এবং সিংড়া বিনগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশনের আয়োজনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনায় ছিল বগুড়া গাক চক্ষু হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনব্যাপী রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে সিংড়ার বিভিন্ন এলাকার নারী-পুরুষ চক্ষুরোগীরা অংশ নেন। চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৬৫ জন রোগীকে পরবর্তী বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বগুড়া গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশনের পরিচালক ও বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের অধ্যক্ষ গোলাম সরওয়ার, কলেজের গভর্নিং বডির সভাপতি মো. রেজাউল করিম, গাক চক্ষু হাসপাতাল বগুড়ার প্রতিনিধি মো. আহসান হাবিবসহ সংশ্লিষ্টরা।আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।