নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:
আগামী ২৪শে সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’-এর দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।
চলমান এই নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটার ও শুভানুধ্যায়ীদের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক মো. নুরুজ্জামান শেখ (ব্যালট নং- ০৬)। সাধারণ ভোটারদের একটি বড় অংশের অভিমত, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে বিজয়ের হাসি হাসবেন তরুণ ও প্রগতিশীল এই প্রার্থী।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই দম ফেলার ফুরসত নেই মো. নুরুজ্জামান শেখের। ভোটারদের সাথে কুশল বিনিময়, নিয়মিত গণসংযোগ এবং প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নিজের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করছেন তিনি। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় দারুণভাবে উজ্জীবিত এই প্রার্থী।
নির্বাচিত হলে নিজের অঙ্গীকারের কথা জানিয়ে মো. নুরুজ্জামান শেখ বলেন, "টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থাকে সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকর ও গতিশীল একটি সংগঠনে রূপান্তর করতে আমি বদ্ধপরিকর। আমাদের সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান ভাইয়ের যে সমস্ত জনকল্যাণমূলক ও সুন্দর কাজ অসমাপ্ত রয়ে গেছে, ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পর আমি তা নিষ্ঠার সাথে সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করব।"
সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সেবা কার্যক্রম আরও বেগবান করতে আগামী ২৪শে সেপ্টেম্বর নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ব্যালট নং- ০৬-এ মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছেন মো. নুরুজ্জামান শেখ।