টেকনাফে চার ইউনিয়ন পরিষদে ইউএনডিপি-এনজিও ফোরামের উদ্যোগে MRF হস্তান্তর
বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা, পরিচ্ছন্ন জনপদ গড়ার প্রত্যাশা
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিবেশ সুরক্ষা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউএনডিপি (UNDP) ও এনজিও ফোরামের সহযোগিতা ও উদ্যোগে চারটি ইউনিয়ন পরিষদের নিকট MRF (Material Recovery Facility) হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়নসহ চারটি ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনপদে প্রতিদিন উৎপন্ন বর্জ্য সঠিকভাবে সংগ্রহ, পৃথকীকরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব। এ ক্ষেত্রে MRF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে এ ধরনের স্থাপনা স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, MRF ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হবে। একই সঙ্গে যত্রতত্র বর্জ্য ফেলা কমবে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আসবে এবং স্থানীয় জনগণের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউএনডিপি, এনজিও ফোরামসহ এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থা, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হয়, “পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন—গড়ে উঠুক আমাদের সুন্দর হোয়াইক্যং।” পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, টেকনাফের মতো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে MRF হস্তান্তরের এ উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্যকে সম্পদে পরিণত করার বিষয়ে স্থানীয় পর্যায়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। আল্লাহ সংশ্লিষ্ট সকলের এ মহৎ উদ্যোগ কবুল করুন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।