নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এর মধ্যে বসতবাড়ির উঠানে লাকড়ির স্তূপের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ১৯ বোতল ভারতীয় ‘ম্যাকডওয়েলস’ মদসহ আয়েশা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা ও বিরিশিরি এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে এসআই মো. ফিরোজ আল মামুনের নেতৃত্বে চকলেঙ্গুরা গ্রামে আয়েশা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে উঠানের লাকড়ির স্তূপের নিচে মাটি খুঁড়ে গর্ত থেকে ১৯ বোতল ভারতীয় ‘ম্যাকডওয়েলস’ মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে পৌনে এক লিটার করে মদ ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় আয়েশা খাতুনকে আটক করা হয়।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে বিরিশিরি ইউনিয়নে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ৬ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকের বিস্তার রোধে দুর্গাপুর থানা পুলিশের অভিযান নিয়মিত চলছে। মাটির গর্তে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মদও পুলিশের সতর্কতার কারণে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।