বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দুর্গাপুর পৌর ছাত্রদল ও সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ সাব্বির, নাদিম মাহমুদ রাব্বি, মো. মামুন খান, সৈকত, ঝলক, রুবেল, মাহমুদুল হাসান রুমি, আমিরুল ইসলামসহ পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় কলেজ প্রাঙ্গণে আরও বেশি গাছ লাগানো এবং রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন নেতাকর্মীরা।