সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ তৈরি,ঝরে পরা রোধ এবং পাঠদানের মান বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর কর্মদক্ষতা, নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও সময়োপযোগী পদক্ষেপে উপজেলা জুড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন এনেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রত্যক্ষ তদারকি জোরদার করেছেন। শিক্ষকদের ক্লাসে নিয়মিত ও সময়মতো উপস্থিতি,আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান নিশ্চিত করতে তিনি প্রতিনিয়ত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়,শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্রীড়া,সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহ-শিক্ষা কার্যক্রমকেও সমান গুরুত্বের সাথে এগিয়ে নিচ্ছেন তিনি। শিক্ষকদের সুবিধার্থে প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান। শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি বা দাপ্তরিক জটিলতা সমাধানে তিনি সর্বদা আন্তরিক ও সহানুপুভূতিশীল। ফলে মাঠ পর্যায়ের শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তা- কর্মচারীদের মধ্যেও বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে। উপজেলার সাধারণ অভিভাবক ও শিক্ষাবিদদের মতে,কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সুদূরপ্রসারী নেতৃত্ব এবং ইতিবাচক মানসিকতার কারণে উল্লাপাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা নতুন রূপ পাচ্ছে। উল্লাপাড়াকে প্রাথমিক শিক্ষায় জেলার শীর্ষ স্থানে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়,এই উপজেলাতে ২৭৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নিয়ম অনুযায়ী এই উপজেলাতে ১১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও ২ জন দিয়ে কার্যক্রম চলছে ও ৯ জনের পদ শূন্যস্থানে রয়েছে। এই বিষয়ে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় বলেছেন, মোস্তাফিজুর রহমান স্যার শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বিদ্যালয় গুলোতে নিয়মিত মনিটরিং ও বেড়েছে।