চাকরি ও পা হারিয়ে মানবেতর জীবন: ক্ষতিপূরণ ও পুর্নবহালের দাবিতে রাজপথে ডিএসসিসির চালক সেলিম
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) হালকা গাড়ির চালক মোঃ সেলিম মিয়া গুরুতর দুর্ঘটনাজনিত অঙ্গহানি, বকেয়া বেতন না পাওয়া এবং অন্যায্যভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে আজ শনিবার (২৯ আগষ্ট) বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে জীবনের আকুতি জানিয়েছেন।
চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে সর্বস্ব হারিয়ে চার কন্যা ও দুই পুত্রসহ ৮ সদস্যের পরিবার নিয়ে এখন চরম মানবেতর দিন কাটাচ্ছেন তিনি।
কী ঘটেছিল চালক সেলিমের সাথে?
সেলিম মিয়ার বক্তব্য ও ঝুলানো ব্যানার সূত্রে জানা যায়, হালকা গাড়ি চালক হিসেবে নিয়োগ পেলেও তাকে জোরপূর্বক ভারী বর্জ্যবাহী গাড়ি (ঢাকা মেট্রো-১৪-০৭১৩) চালাতে বাধ্য করা হয়।
গাড়িটি চালানো অবস্থায় মাতুয়াইল ল্যান্ডফিলে এর দুটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় কোনো লেবার সাহায্য না পাওয়ায় দূষিত ময়লা পানির ভেতরে নেমে সেলিম নিজেই ঢাকা মেরামত করতে যান। সেখানে তার ডান পায়ে মারাত্মক ক্ষত তৈরি হয়।
চিকিৎসায় নিঃস্ব পরিবার:
পরবর্তীতে ডান পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয় এবং একে একে চারটি বড় অপারেশন করাতে হয়। চিকিৎসায় এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৩১ লক্ষ ৭০ হাজার টাকা।
এছাড়া প্রতিদিন ওষুধ বাবদ তার ৬২০ টাকা খরচ হচ্ছে। এই বিপুল চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তাকে বাড়ি-ঘর ও সহায়-সম্পত্তি সব বিক্রি করে দিতে হয়েছে।
জোরপূর্বক পদত্যাগপত্র গ্রহণের অভিযোগ:
সেলিম মিয়া অভিযোগে উল্লেখ করেন, যখন তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তখন তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের লোকজন হাসপাতালে গিয়ে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি সাদা ও লেখা কাগজে তার কাছ থেকে স্বাক্ষর নেয়। পরবর্তীতে সুস্থ হয়ে অফিসে ফিরলে তাকে জানানো হয় যে, ১ মে ২০২৪ তারিখে তিনি নাকি 'স্বেচ্ছায় পদত্যাগ' করেছেন।
কিন্তু তার প্রশ্ন, পদত্যাগের কথা বলা হলেও তিনি মে, জুন এবং জুলাই (২০২৪) মাসের বেতন কীভাবে পেলেন? ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তৎকালীন মেয়র তাপস দেশ ছাড়লে তার বেতন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে অফিস থেকে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়।
তারেক রহমানের জন্য রাজপথে লড়াইয়ের ইতিহাস:
তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সাল থেকে বিএনপির তৎকালীন চেয়ারম্যান ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি বুকে ধারণ করে আন্দোলন-সংগ্রাম করেছিলেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আমলে তার চাকরি মাস্টাররোলে পার্মানেন্ট হলেও রাজনৈতিক কারণে তা রেগুলার করা হয়নি।
মানবিক আবেদন:
বর্তমানে শারীরিক পঙ্গুত্ব নিয়ে ক্রাচে ভর দিয়ে চলাফেরা করা সেলিম মিয়া তার হারানো চাকরি পুনঃবহাল, বকেয়া বেতন প্রদান এবং দুর্ঘটনাজনিত পায়ের চিকিৎসার উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে তিনি এই আকুল আবেদন জানান যেন তার পরিবার অনাহারে না মরে এবং তিনি সুবিচার পান।