মোঃসোহেল রানা রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলার রাতুয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমির প্রাচীর ভেঙ্গে অবৈধভাবে নতুন রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের জমি সংকুচিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলার ২নং ইউপির ২নং ওয়ার্ড রাতুয়াম গ্রামে অবস্থিত রাতুয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের প্রাচীর ভেঙ্গে কয়েকজন ব্যক্তি নতুন রাস্তা তৈরি করেছেন। অথচ ওই এলাকার পাঁচটি পরিবারের ১৫-২০ জন লোকের জন্য আগে থেকেই বিকল্প রাস্তা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধ এই রাস্তার কারণে বিদ্যালয়ের নিজস্ব জমি নষ্ট হচ্ছে। ভবিষ্যতে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন হলে জায়গা সংকট দেখা দেবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে গত ০৫/০১/২০২৬ তারিখে স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তারা অবিলম্বে অবৈধ রাস্তাটি বন্ধ করে বিদ্যালয়ের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।