রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট (বুধবার) হাসিবুল (৩২) ও সোহেল (৩৫) নামে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মো. সোহেল রানা (৩০), পিতা: মো. খোরশেদ আলী (৫৫)-এর বাড়িতে যান। এ সময় তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে নগদ ৬০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ৬ আগস্ট (বৃহস্পতিবার) একই দুই ব্যক্তি আবারও ওই বাড়িতে গিয়ে নিজেদের পুলিশ ও ডিবির সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
আটক ২জনে বর্তমানে বাঘা থানায় রয়েছে।