মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সদান্দপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষণিকভাবে শিকল টেনে ট্রেনের গতি থামানো হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে যাত্রী ও সংশ্লিষ্টরা। যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানিয়েছেন, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলপথ সচল করতে উদ্ধারকারী দলের কার্যক্রম চলমান রয়েছে।