পেশাদার খুনি ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পাগলা সোহেল’-এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সঙ্গে যোগসাজশ বা পদক্ষেপের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
খিলগাঁও থানাধীন ৭৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সৌজন্যে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নারী-পুরুষসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পেশাদার অপরাধী ‘পাগলা সোহেল’-এর পাশাপাশি খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা এবং সাব-ইনস্পেক্টর (এস.আই.) আকরাম-এর ভূমিকা ও পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা অভিযুক্ত মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে চিহ্নিত অপরাধীদের শাস্তির কোনো বিকল্প নেই। তারা অনতিবিলম্বে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।