জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে "জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্মরণসভা, আলোচনা ও জুলাইভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহুরুল ইসলাম, অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ; জনাব এস. এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি; জনাব মাহিন সরকার, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক; এবং জনাব শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি, জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাইদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, জুলাইভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে।
বক্তারা বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।